২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে সমাবর্তন: প্রস্তুত ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তনের পর কেটে গেছে চৌদ্দ বছর। তারপর এল বহু প্রতীক্ষিত অষ্টম সমাবর্তন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

এস এম নাদিম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তনের পর কেটে গেছে চৌদ্দ বছর। তারপর এল বহু প্রতীক্ষিত অষ্টম সমাবর্তন। রোববার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে। সমাবর্তনে সভাপত্বি করার কথা রয়েছে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের। বরেণ্য শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। দিনটি পালন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে দেশের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ। অগ্রজদের ক্যাম্পাসে বরণ করতে প্রস্তুত আছেন তাদের ২৭ হাজার অনুজ। সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসে পড়ে গেছে সাজ সাজ রব। প্রশাসনও সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য চলছে নানা আয়োজন। এ উপলক্ষে গুরুত্বপূর্ণ ভবন, স্থাপনা, সড়ক, মাঠঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ও রং করা এবং আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মারক ‘সাবাশ বাংলাদেশ’, শহীদ স্মৃতি সংগ্রহশালা, কাজী নজরুল ইসলাম মিলনায়তন, প্রশাসনিক ভবন, সিনেট ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, অতিথিদের জন্য অ্যাপায়নের স্থানসহ বিভিন স্থাপনা রং, সংস্কার ও অলংকরণে নতুন রূপে আভির্ভূত হয়েছে। ফলে ছায়া-ঢাকা মতিহারের সবুজ চত্বরের সৌন্দর্য বেড়ে গেছে কয়েকগুন। বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্যান্ডেল নির্মাণের প্রস্তুতি শেষ পর্যায়ে। এখানে প্রায় সাত হাজার জনের বসার জন্য নির্মাণ করা হচ্ছে বিশাল মঞ্চ। স্টেডিয়ামের চারপাশে চলছে শোভাবর্ধনের কাজ। সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সমাবর্তন সফলভাবে সম্পন্ন করতে ৫২টি সাংগঠনিক কমিটি এবং তাদের সহযোগিতায় আরো ১৫টি উপকমিটি গঠন করা হয়েছে। ১৯৫৩ সালের ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৭০ সালে হয় ষষ্ঠ সমাবর্তন। এর আঠাশ বছর পর ১৯৯৮ সালের ২৯ নভেম্বর হয় সপ্তম সমাবর্তন। অষ্টম সমাবর্তনে ১৯৯১ থেকে ২০০৫ পর্যন্ত অধ্যয়ন শেষ করা সাত হাজার ২১ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন। এছাড়াও রয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৬৩৮ জন শিক্ষক। সমাবর্তনে আসা প্রাণ-রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা তুহিন রেজা, আরিফুল ইসলাম, হাসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয়েছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন সমাবর্তন না হওয়ায় প্রতীক্ষায় ছিলাম সমাবর্তনের। এবার সে প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের সকলের জন্য গর্বের বিষয়। প্রতিবছর সমাবর্তন হওয়া উচিত বলে মনে করেন তারা। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিনা বিনতে সেতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষা শেষ, তবুও বাসায় যাইনি। সমাবর্তনে বন্ধুদের সঙ্গে ক্যম্পাসে আনন্দ করব, ঘুড়ে বেড়াব। বড় ভাই-বোনেরা আসবেন, তাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব।” সমাবর্তনে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন। ৭ ও ৮ ডিসেম্বর এমফিল, পিএইচডি ও এমবিবিএস গ্রাজুয়েটরা পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং স্নাতকোত্তর গ্রাজুয়েটগণ নিজ নিজ বিভাগ থেকে সমাবর্তন পোশাক (গাউন, হুড ও ক্যাপ) ও আনুষঙ্গিক জিনিসপত্র সংগ্রহ করবেন। শফিকুল ইসলাম চট্টগ্রাম থেকে সমাবর্তনে অংশগ্রহণের জন্য এসেছেন শুক্রবার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনেকদিন পর চেনা এই প্রাণের বিশ্ববিদ্যালয়ে এসে এক অন্য রকম অনুভুতি প্রকাশ পাচ্ছে। বন্ধুরা আসবে, অনেক মজা করব আমাদের চিরচেনা আড্ডাস্থলে। জমবে ১৯৯৭ সালের সেই হারানো দিনের আড্ডা। আবাসিক হোটেলগুলোতে গত সপ্তাহ থেকে বুকিং শেষ হয়ে গেছে। অগ্রজদের পদচারণায় মুখরিত এখন এই ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়েল উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার একটি উৎসবমূখর পরিবেশে ফিরেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১২ ঘ.