কুষ্টিয়া, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক যুবকের মাটিতে পুঁতে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল চারটার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের পদ্মপুকুর মাঠ থেকে আছানের (২৭) লাশ উদ্ধার করা হয়।
নিহত আছান চকশ্রিরামপুর গ্রামের ছহির উদ্দিনের ছেলে। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক প্রধান বলে পুলিশ জানিয়েছে।
মিরপুর থানার ওসি শিকদার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১ ডিসেম্বর রাতে নিজ গ্রাম থেকে আছান নিখোঁজ হন। এব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে মিরপুর থানায় একটি মামলাও দায়ের করা হয়।
তিনি আরো জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা কুর্শা পদ্মপুকুর মাঠে আংশিক পুঁতে রাখা একটি লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি আছানের বলে সনাক্ত করে।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২১১১ ঘ.
bdnews24