নওগাঁ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে আব্দুল মতিনের লাশ হাসপাতালে তার কক্ষ থেকে উদ্ধার করা হয়।
ডা. মতিন দীর্ঘ দিন থেকে এ হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি নিয়ামতপুর উপজেলার ঝাড়–পাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। এক সপ্তাহ আগে তার স্ত্রী মারা যান। তাদের একটি মেয়ে আছে।
পোরশা থানার ওসি রেজাউল করিম জানান, ডা. মতিন হাসপাতালে রাত্রীকালিন দায়িত্ব পালন করেন।
সকাল ৭ টার দিকে লোকজন হাসপাতালে এসে তার অফিস রুমের দরজা বন্ধ পান।
পরে দরজা খোলা হলে ঘরের জানালার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পাওয়া যায়।
সকাল ১০ টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
‘তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তবুও বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে পোরশা থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৪৫ ঘ.
bdnews24