রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দশ দিনের অচলাবস্থার পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উপাচার্য বিরোধী আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় রাজশাহী সিটি মেয়রের মধ্যস্থতায় আন্দোলন স্থগিত করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
বিশ্ববিদ্যালয়ের বরাদ্ধকৃত বাসভবন থেকে ১৫ দিনেরও বেশি সময় বাইরে থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপাচার্য ওই ভবনে ফিরে যাওয়ার মধ্য দিয়ে এই আন্দোলনের অবসান হলো।
উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এইচএম খাইরুজ্জামান লিটনের মধ্যস্থতায় বিকালে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আন্দোলনরত ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনার পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন।
তিনি আরো বলেন, “তবে আমাকে শর্ত দিয়েছে- আমি যেন আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেই। আমি আমার পরিবারকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রুয়েটের বাসভবেন ফিরে এসেছি।”
উপাচার্য জানান, রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। তিনি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার আহ্বান জানিয়েছেন।
এদিকে আন্দোলন প্রত্যাহারের কথা স্বীকার করেন পূরকৌশল বিভাগের শিক্ষক ও উপাচার্য অপসারণের জন্য গঠিত ঐক্য পরিষদের আহ্বায়ক ড. এনএইচএম কামরুজ্জামান সরকার হিরো।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়রের অনুরোধে আমরা আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিয়েছি। তবে উপাচার্যকে আমরা দেড় মাসের সময়সীমা বেধে দিয়েছি, ওই সময়ের মধ্যে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন।”
এর আগে গত ১৩ নভেম্বর ‘বঙ্গবন্ধু পরিষদ’ নামের শিক্ষকদের একটি সংগঠনের পক্ষ থেকে উপাচার্যের বিরুদ্ধে জামায়াত-বিএনপি ‘তোষণের’ অভিযোগ করে সংবাদ সম্মেলন করা হয়।
পরের দিন ছাত্রলীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে উপচার্যের পদত্যাগ দাবি করা হয়।
১৫ নভেম্বর রাতে রুয়েট শাখা ছাত্রলীগ ও রুয়েট শাখা বঙ্গবন্ধু পরিষদের আন্দোলনের প্রেক্ষিতে ১৪ নভেম্বর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ গঠন করা হয়।
পরের দিন ১৬ নভেম্বর থেকে আন্দোলনে নামে ‘ঐক্য পরিষদ’। এর আহ্বায়ক করা ড. কামরুজ্জামান সরকার হিরোকে। ফলাফল জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে মাঠে নামে সংগঠনটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০০৭ ঘ.
bdnews24