গাজীপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার পূবাইলের ডেমোরপাড়া এলাকায় ডাকাতি করে পালিয়ে যাবার পথে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে তিনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার ভোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তারা আহত হন।
ওই ঘটনায় আহত আরো পাঁচজন গাজীরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ নিহতদের নাম জানাতে পারেনি।
পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মিস্টার আলী জানান, ডেমোরপাড়ার প্রবীণ মণ্ডলর বাড়িতে বৃৃহস্পতিবার ভোর ৪টার দিকে একদল ডাকাত হানা দেয়। ডাকাতি শেষে পালিয়ে যাবার সময় ডাকাত সন্দেহে ৮জনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে আহত অবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৭টার দিকে একজন এবং রাত ১২টার দিকে আরেক যুবকের মৃত্যু হয় বলে উপ পরিদর্শক আলী জানান।
গৃহকর্তা প্রবীণ পুলিশের কাছে দাবি করেন, ডাকাতরা তার বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় দুটি মামলা হয়েছে। প্রবীণ মণ্ডল ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো কয়েকজনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করেন।
এছাড়া গণপিটুনির ঘটনায় উপ-পরিদর্শক মিস্টার আলী শতাধিক গ্রামবাসীকে আসামি করে আরেকটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৫৬ ঘ.
bdnews24