খুলনা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার রূপসা উপজেলা থেকে গুলি ও অস্ত্রসহ চরমপন্থী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার খানমহম্মদপুর গ্রাম থেকে গ্রেপ্তার রথীন বসাক (২৮) নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৬ খুলনার কর্মকর্তা মীর মোদাচ্ছের হোসেন বলেন, রথীনের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ প্রায় অর্ধডজন মামলা রয়েছে বলে জানান তিনি।
রথীন খুলনার ডুমুরিয়া উপজেলার রূপ রামপুর গ্রামের রবীন বসাকের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৬ ঘ.
bdnews24