২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বন্দুকযুদ্ধের পর ২ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধের পর এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে অভিযান চালিয়ে ধরা হয় ডাকাতদলের আরেক সদস্যকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীতে ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধের পর এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে অভিযান চালিয়ে ধরা হয় ডাকাতদলের আরেক সদস্যকে। অভিযানের নেতৃত্বদানকারী র‌্যাব-৭ এর মেজর রকিবুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ভোর চারটা থেকে র‌্যাবের একটি দল উপজেলার ছনুয়ায় পাহাড়ী এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে আটটার দিকে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে ইয়াছিন বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি করে। তিনি আরও জানান, প্রায় আধা ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে ইয়াছিন বাহিনীর প্রধান ইয়াছিনের ছোট ভাই সোলায়মানকে (৩০) গ্রেপ্তার করে তারা। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ইয়াছিন ও তার আরেক ভাই মানিকসহ অন্যান্যরা পালিয়ে যায়। এদিকে দুপুরে কালা মিয়া (২১) নামে আরেক ডাকাতকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সাখাওয়াত হোসেন জানান, দুপুরে ইয়াছিনের বাড়ি তল্লাশি করে চলে যাওয়ার সময় কালা মিয়াকে জনগণের মধ্য থেকে গ্রেপ্তার করে তারা। তিনি জানান, কালা মিয়া সকালে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধের পর পালানোর সময় তার বন্দুকটি একটি লবণ মাঠে ফেলে দেয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী দেশে তৈরি একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/১৭৪৩ ঘ.