চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়ি ভাংচুরের ঘটনায় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ১৮৮ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
বুধবারের ওই হামলার ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি গোলাম মোর্তুজা জানান, বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে বিজিবি ও পুলিশের পক্ষ থেকে এই মামলা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের নায়েক সুবেদার আবু তাহের বাদি হয়ে সরকারি কাজে বাধা, গাড়ি ভাংচুর ও বিজিবির সদস্যদের মারধরের অভিযোগে ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ১৫০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
সকালে অন্য মামলাটি করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। জনমনে আতঙ্ক সৃষ্টি, রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি ও গাড়ি ভাংচুরের অভিযোগে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন তিনি।
এ মামলায় জামায়াত-শিবিরের ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় বিজিবির একটি টহল জিপে হামলা চালিয়ে ভাংচুর করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির কর্মীরা। এ সময় একটি যাত্রীবাহী পিকআপও ভাংচুর করে তারা।
জামায়াত-শিবির কর্মীরা ইটপাটকেল ও লাঠি নিয়ে বিজিবির গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির সামনের কাচ ও লাইট ভেঙে যায়, চালক আহত হন।
যুদ্ধাপরাধের মামলায় আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে নভেম্বর মাসের শুরু থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাংচুর চালিয়ে আসছে জামায়াত-শিবির কর্মীরা।
এসব ঘটনায় এ পর্যন্ত দেড়শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় তিন হাজার জামায়াত কর্মীকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৭০৫ ঘ.
bdnews24