২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ করতেই ভিশন-২০২১’

২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে দৃঢ় আশাবাদী প্রধানমন্ত্রীপুত্র, ওয়াজেদ কনসালটিং ইনক’র সভাপতি সজিব ওয়াজেদ জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 06:06 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে দৃঢ় আশাবাদী প্রধানমন্ত্রীপুত্র, ওয়াজেদ কনসালটিং ইনক’র সভাপতি সজিব ওয়াজেদ জয়। বুধবার সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে এক সেমিনারে তিনি বলেন, “বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্যই ভিশন-২০২১ ঘোষণা করা হয়েছে। এ লক্ষ্য পূরণে বছরে এক বিলিয়ন ডলার বিনিয়োগ দরকার। আর তা ঠিক মতোই হচ্ছে।” বিদ্যুৎ সমস্যার কারণে কারখানায় ৩০ শতাংশ উৎপাদন ব্যাহত হওয়ার তথ্য তুলে ধরে সজীব বলেন, বিগত তত্ত্বাবধায়ক আমলে বিদ্যুৎ উৎপাদন হয়নি। বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দিয়েছে। “স্বল্প মেয়াদে কুইক রেন্টাল স্থাপনের পাশাপাশি দীর্ঘমেয়াদী বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।” “কুইক রেন্টাল উদ্যোগের সময় অনেকে এর সমালোচনা করে বলেছিল, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে চার/পাঁচ গুণ বেশি খরচ হবে এবং আমাদের বাজেট ও রিভার্জের ওপরও প্রভাব ফেলবে।” “কিন্তু জিডিপি ও রিজার্ভ সম্পর্কে আমাদের ধারণা ছিল। বিদ্যুৎ সমস্যার সমাধানে কুইক রেন্টাল কার্যকর ভূমিকা রেখেছে। আমাদের শিল্প উৎপাদন বাড়িয়েছে,” বলেন তিনি। জিডিপি প্রবৃদ্ধির বর্তমান হার অব্যাহত থাকলে এবং রাজনৈতিক নেতৃত্ব স্থিতিশীল থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে মনে করেন সজীব। ‘ব্রান্ডিং ফর বিজনেস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে একটি অধিবেশনে বক্তা ছিলেন সজীব। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট, ক্যাটালিস্ট ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এই সম্মেলনের আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে এই সম্মেলনের উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/০০০৩ ঘ.