ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পর ‘নিখোঁজ’ ৪৪ জনের নাম বিজিএমইএকে জানিয়েছে তাদের স্বজনরা।
এই বিষয়ে তথ্য জানতে তিনটি তথ্যকেন্দ্রে গত দুই দিনে এই সংখ্যম নাম জমা হয়েছে বলে বুধবার জানিয়েছেন বিজিএমইএ’র যুগ্ম সচিব এবং অগ্নি ও নিরাপত্তা সেলের প্রধান গিয়াস উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত তথ্যকেন্দ্রগুলোতে কাজ চলবে।
গত ২৪ নভেম্বর অগ্নিকাণ্ডের পর ৪ ডিসেম্বর তাজরিন ফ্যাশনস, শ্রম পরিদপ্তর ও বিজিএমইএ ভবনের নিচ তলায় তিনটি তথ্যকেন্দ্র খোলা হয়।
আশুলিয়ার এই কারখানায় আগুনে ১১১ শ্রমিক নিহত হয়েছে, এর মধ্যে ৫৩ জনের লাশ সনাক্ত করা যায়নি। ডিএনএ নমুনা নিয়ে তাদের জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ড তদন্তে বিজিএমইএ গঠিত কমিটি আগামী ২০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে বলে সংগঠনের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান জানিয়েছেন।
তিনি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, তাজরিন ফ্যাশনসের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা নিয়ে কাজ করতে হওয়ায় অগ্নিকাণ্ড তদন্তের কাজ বিলম্বিত হচ্ছে।
“তদন্ত কাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাজরিন কারখানার ব্যাংকিং ডকুমেন্টগুলো এখনো হাতে এসে পৌঁছেনি। আশা করছি, ২০ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পারব।”
তালিকা অনুযায়ী তাজরিনের ৯৯০ জন শ্রমিকের সবার পাওনা পরিশোধ করা হয়েছে বলে জানান সিদ্দিকুর রহমান।
“এছাড়া যদি কেউ শ্রমিক হিসেবে প্রমাণ দিতে পারে, তাকেও পাওনা দেয়া হবে,” বলেন তিনি।
বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া আশুলিয়ায় কোনো কারখানায় শ্রমিক ছাঁটাই না করার অনুরোধ সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জিএম/এমআই/২১২০ ঘ.
bdnews24