সিলেট, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে হাতবোমা ফাটিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কর্মীরা। সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ১০ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবির কর্মীরা বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল করে জিন্দাবাজার এলাকায় সিলেট প্লাজা মার্কেটের সামনে পৌঁছালে পুলিশ মিছিলে বাধা দেয়। এ সময় শিবিরকর্মীরা ৪/৫টি হাতবোমা ফাটিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আধা ঘণ্টার সংঘর্ষে শিবিরকর্মীরা পুলিশের ওপর ব্যাপক ঢিল ছোড়ে। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।
পরে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষের সময় পথচারীসহ অন্তত ২০ জন আহত হন।
পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের আঘাত লেগে চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাম্যান শফি আহমদ ও দৈনিক ইনকিলাবের আলোকচিত্র সাংবাদিক মাহমুদ হোসাইনও আহত হন এ সময়।
আহত দুই সাংবাদিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৬২৫ ঘ.
bdnews24