নীলফামারী, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের সুজানপাড়া গ্রামের বাজারের কাছে এক জমি থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সাহিনা বেগম চড়াইখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে ইউনিয়নের সুজানপাড়া গ্রামের মান্নান ওরফে ঝাল্লাউর মেয়ে।
নীলফামারী সদর থানার ওসি আক্কাস আলী জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে চড়াইখোলা বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। রাতে অনেক খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি।
বুধবার সকালে বাজারের পাশে জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে লোকজন থানায় সংবাদ দেয়।
এ ব্যাপারে নিহতের বাবা অজ্ঞতনামাদের আসামি করে থানায় একটি মামলা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৪৪ ঘ.
bdnews24