২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শিবিরের হামলায় ৪ পুলিশ আহত

নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের উপর হামলায় এক উপ পরিদর্শক ও তিন কনস্টেবল আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 06:51 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের উপর হামলায় এক উপ পরিদর্শক ও তিন কনস্টেবল আহত হয়েছেন। বুধবার সকালে শহরের মণ্ডলপাড়া এলাকায় এই হামলা হয়। আহতরা হলেন- নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রবি চরণ চৌহান, কনস্টেবল আবুল কাশেম, জুয়েল ও পিকআপভ্যানের চালক সুলতান। তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় এসআই রবি ও কনস্টেবল আবুল কাশেমকে পরে ঢাকায় পাঠানো হয়। জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনায় চার শিবিরকর্মীকে আটক করা হয়েছে। এরা হলেন- রবিউল আউয়াল (২৭), সাখাওয়াত হোসেন (২০), আবু নাঈম (১৯) ও আশিকুল ইসলাম (২০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে সকালে শহরের মণ্ডলপাড়া এলাকায় ঝটিকা মিছিল বের করে শিবির কর্মীরা। এ সময় ওই এলাকায় টহলে থাকা পুলিশের একটি পিকআপভ্যান লক্ষ্য করে বৃষ্টির মতো ঢিল ছুড়তে শুরু করে তারা। এ সময় পুলিশের পিকআপভ্যানও ভাংচুর করা হয়। এক পর্যায়ে চার পুলিশ সদস্যকে ঘিরে ধরে লাঠি দিয়ে এলোপাথাড়ি পেটানো হয়। ইট দিয়ে আঘাত করা হয় এসআই রবি চৌহান ও আবুল কাশেমের মাথায়। গত ১৯ নভেম্বর শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় এভাবেই ঝটিকা মিছিল থেকে হামলা চালিয়ে ওসির পিকআপভ্যানে ভাংচুর ও অগ্নিসংযোগ করে শিবির কর্মীরা। ওই ঘটনায় জেলা জামায়াতের আমিরসহ ৯০ জনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৪৯ ঘ.