২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারজানাকে এসিড নিক্ষেপের মামলার প্রধান আসামি জেলে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপের মামলার প্রধান আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 05:44 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

কুমিল্লা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপের মামলার প্রধান আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার কুমিল্লার বিচারিক হাকিম আদালতে প্রধান আসামি সাদ্দাম হোসেন (২২) আত্মসমর্পণ করলে বিচারক নাসরিন জাহান তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাদ্দাম উপজেলার জামালকান্দি গ্রামের কালু মিয়ার ছেলে। তিনি মাদ্রাসাছাত্রী ফারজানা আক্তারকে কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। উপজেলার সোনাকান্দা ড. খন্দকার মোশাররফ হোসেন দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার (১৫) গত ১২ নভেম্বর রাতে নিজ ঘরে এসিড সন্ত্রাসের শিকার হন। এ সময় ফারজানার বোনের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র ফয়সাল মাহমুদ (১০) ও কাজের মেয়ে খাদিজা আক্তারও (১৭) আহত হন। ঘটনার পর ফারজানাকে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পওে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান ফারজানা। এসিড নিক্ষেপের ঘটনায় ফারজানার বাবা জালাল উদ্দিন ছয় জনকে আসামি করে দাউদকান্দি থানায় মামলা দায়ের করেন। সরকারি কৌসুলি অ্যাডভোকেট আব্দুল সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখন পর্যন্ত এ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হল। মামলার তিন আসামি মো. আমিন, বাবু মিয়া ও মো. রাসেলকে আগেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি দেলোয়ার মাস্টার ও আসমা বেগম এখনো পলাতক রয়েছেন। এদিকে দুপুরে ফারজানার লাশ এলাকায় এসে পৌঁছলে তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এলাকাবাসী দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে বিক্ষোভ-মিছিল করেছে। দুপুরেই লাশের ময়নাতদন্ত হয়। দাউদকান্দি মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান দাউদকান্দি মডেল থানার ওসি আবুল ফয়সাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৪০ ঘ.