নিউ ইয়র্ক, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে জামায়াত-শিবিরের ‘তাণ্ডবের’ প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে এই সমাবেশের আয়োজন করা হয়।
এতে বক্তারা বলেন, দেশে হরতালের নামে একাত্তরের পরাজিত শক্তিরা ফায়দা হাসিলের চেষ্টা করছে। তবে একাত্তরের নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ সোচ্চার থাকবে। পাশাপাশি জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্ট এবং ক্যাপিটল হিলের সঙ্গে জামায়াত-শিবিরের অগণতান্ত্রিক কর্মকাণ্ডে বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হবে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
সমাবেশ শেষে বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমের সঙ্গে আলাপকালে ড. সিদ্দিকুর রহমান বলেন, “একাত্তরের ঘাতকদের বিচার ব্যাহত করতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে জামায়াত-শিবিরের লোকজন। ওরা নিউইয়র্কে এবং লন্ডনে বিপুল অর্থ পাচার করেছে এবং সে অর্থে তাদের প্রবাসী দোসরেরা বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে, এমনকি নারী ও শিশুদের সমাগম ঘটাচ্ছে জাতিসংঘের সামনে।”
জামায়াত-শিবিরের ষড়যন্ত্র প্রতিরোধে নিউ ইয়র্কসহ বিভিন্ন সিটিতে কর্মসূচি নেয়া হয়েছে বলে জানান তিনি।
এর একদিন আগে রোববার রাতেও জ্যামাইকায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আরেকটি প্রতিবাদ সভা হয়। সেখানে বিজয়ের মাসেই ঘাতকদের বিচারর শেষ করার দাবি জানান বক্তারা।
এদিকে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ড, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২০১ ঘ.
bdnews24