ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর অদূরে বালু নদী দূষণের অভিযোগে একটি ডাইং কারখানাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার তেজগাঁও শিল্প এলাকায় পদ্মা পলিকটন নিট ফেব্রিক্স লিমিটেড নামের রপ্তানিমুখী ওই কারখানায় অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী।
তিনি কারখানার ব্যবস্থাপনা পরিচালক পারভিন সুলতানার কাছ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেন।
একইসঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে বর্জ্য শোধনাগার (ইটিপি) ত্রুটিমুক্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি।
পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কারখানার বর্জ্যপানি স্যুয়ারেজ এর মাধ্যমে রামপুরা খাল হয়ে বালু নদীতে পড়ে এর পানি, জীববৈচিত্র্য ও পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।
এছাড়া কারখানার ইটিপির একটি পাইপ লাইন থেকে নির্গত দূষিত পানিতে দ্রবীভূত কোন অক্সিজেন নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/আরএ/১৮০০ ঘ.
bdnews24