২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌবাহিনীর দপ্তরের সামনে বাসে আগুন

এ ঘটনার পর রাজধানীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 08:03 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর হরতালে রাজধানীর বনানীতে নৌবাহিনীর সদরদপ্তরের সামনে একটি বাস পুড়িয়ে দেয়া হয়েছে। বেলা ১২টা ২৫ মিনিটের দিকে নৌবাহিনী সদরদপ্তরের বিপরীতে সেনাকুঞ্জে ঢোকার প্রবেশ পথেই গুলিস্তান থেকে বিমানবন্দরগামী ওই বাসে আগুন দেয়া হয়। নৌবাহিনীর অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসের বেশিরভাগ অংশ পুড়ে যায়। বনানী থানার ওসি ভুঁইয়া মাহমুদ হাসান বলেন, “আগুনের উৎস এ মুহূর্তে বলতে পারছি না। তবে যাত্রীদের মধ্যে কেউ বাসে আগুন দেয় বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” রাজধানীর সঙ্গে বিমানবন্দরের সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সড়কে হরতালে বাসে অগ্নিসংযোগের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে সকাল ৭টার দিকে এই সড়কের খিলক্ষেতে একটি বাসে আগুন দেয়া হয়। গুরুত্বপূর্ণ এই সড়কে সকাল সাড়ে ১০টার দিকে হরতালকারীদের হামলার মুখে পড়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি গাড়িও। ওই গাড়িতে ঢিল ছোড়ার পর সেটি গতি কমালে তাতে ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয় বলে পুলিশ জানায়। ওসি মাহমুদ হাসান বলেন, “আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, বাসের ভেতর থেকেই আগুন লাগানো হয়। তবে কেউ হতাহত হয়নি।” ভিভিআইপি রুটে এ ধরনের স্পর্শকাতর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমরা তা মনে করি না। গাড়ির ভেতরেই এ ঘটনা ঘটেছে। তবে আমরা সদা তৎপর।” বনানীর ঘটনার পর বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান তিনি। পরিবহন সংশ্লিষ্ট সবাইকে ও যাত্রীদের এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেন এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচএ/এফএস/জেআর/এমএইচসি/এএইচ/১৪০২ ঘ.