ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ডাকা হরতালে মঙ্গলবার প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
সচিবালয়ের প্রবেশ মুখে শিক্ষা ভবনের সামনের একপাশ এবং প্রেসক্লাবের পাশে নিরাপত্তা বেস্টনী (কাটাতার) দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। জিরো পয়েন্টের দিকের রাস্ত খোলা থাকলেও সেখানে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী রয়েছে।
সচিবালয়ের চারপাশে সকাল থেকে নিরাপত্তাকর্মীরা টহল দিয়ে যাচ্ছে। সাধারণের চালাচলেও রয়েছে তীক্ষè নজরদারি।
গত ২৯ এপ্রিল ১৮ দলীয় জোটের হরতালে কড়া পুলিশ প্রহরার মধ্যেই সচিবালয়ে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটে।
এর পর থেকেই বিরোধীদল বা জামায়াতের হরতাল বা অন্য যেকোনো কর্মসূচীতে সচিবালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
এদিকে যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সচিবালয়ের কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলছে।
সকালের দিকে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপস্থিতি কম থাকলেও নির্ধারিত সময়ের পরে কর্মকর্তা-কর্মচারীরা দপ্তরে উপস্থিত হন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পর্যাপ্ত যানবাহন না থাকায় কর্মচারীদের অনেকেই দেরিতে অফিসে এসেছেন, তবে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতি প্রায় শতভাগ।”
অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়েও স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।
বেশির ভাগ মন্ত্রী, প্রতিমন্ত্রী সকাল ১০টার মধ্যেই তাদের দপ্তরে উপস্থিত হয়েছেন বলে সংশ্লিষ্ট তথ্য কর্মকর্তারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমকে/আরএ/১২৪৫ ঘ.
bdnews24