২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসে আগুন, ভাংচুর

সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে গাজীপুরের ভোগড়া ও টঙ্গীতে যানবাহন ভাংচুর করেছে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 04:35 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

গাজীপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে গাজীপুরের ভোগড়া ও টঙ্গীতে যানবাহন ভাংচুর করেছে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। টঙ্গী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. রিজাউল হক জানান, মঙ্গলবার ভোরে জামায়াতের পিকেটাররা টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঝটিকা মিছিল করে গাড়ির পুরানো টায়ারে আগুন ধরিয়ে দেয়। সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থার পাশে মহাসড়কে পিকেটাররা সু-প্রভাত পরিবহনের একটি বাস ভাংচুর করে তাতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ দ্রুত আগুন নিভিয়ে ফেলে। আগুনে বাসের পেছনের কয়েকটি সিট পুড়ে গেছে। এ সময় মো. মুজাহিদ (২০) ও মো. আসাদুল্লাহ (২৫) নামের দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এরা টঙ্গী সরকারি কলেজের ছাত্র। অপরদিকে গাজীপুর সদর উপজেলার ভোগড়ায় বর্ষা সিনেমা হলের পাশে ও বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকেটাররা কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করেছে বলে জানিয়েছেন ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সোজায়াত হোসেন। এ সময় পুলিশ বোর্ডবাজার এলাকা থেকে মাহফিজুর রহমান (২২) ও বাবুল হোসেন (৪০) নামের দুই পিকেটারকে আটক করে বলে তিনি জানান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাজীপুরের বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। তবে দূরপাল্লার বাস চলেনি। পোশাক কারখানাসহ অন্যান্য কল-কারখানা, ব্যাংক- বীমা, ও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালত খোলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১০৩৩ ঘ.