জামালপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর সদর উপজেলার মৌহডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত এবং নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
সোমবার সকালে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল করিম (৩০) নামে একজন নিহত হয়েছেন বলে জানায় পুলিশ। তিনি মৌহডাঙ্গার জয়নাল শেখের ছেলে।
সংঘর্ষে আহতর শাহ আলী (৩৮), সাখায়াত হোসেন (২৫), বিল্লাল সেখ (৩০), নয়ন (১৫), সেলিম (২৬), আব্দুল মজিদ (৩০), কালাম (২৫), রোকেয়া বেগম (৫৫) ও তোজাম্মেল হককে (৪০) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
জামালপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন জানান, সদর উপজেলার মৌহডাঙ্গা গ্রামের আব্দুস সামাদ ও হেলাল উদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
এ বিরোধের জেরে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
“সংঘর্ষে হেলালের পক্ষের আব্দুল করিম নিহত এবং নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।”
“এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এ সময় দু’পক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
৮ জনকে আটক করা হলেও বারো পরিচয় জানায় নাই পুলিশ।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬০৫ ঘ.
bdnews24