ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে বোতল গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই ভ্যানচালক আহত হয়েছেন।
রোববার শনির আখড়ায় এ ঘটনায় আহত অলি আহমেদ (৩৮) ও জহিরুল ইসলাম (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের প্রতিবেশী মো. হুমায়ুন দুজনকে দগ্ধ অবস্থায় হাসাপাতালের বার্ণ ইউনিটিতে নিয়ে আসেন।
পরে হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনির আখড়ায় শুকতারা এন্টারপ্রাইজের বোতল গ্যাস দুটি ভ্যান গাড়িতে তোলার সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে তারা দগ্ধ হন।
দুজনই শনিআখড়া এলাকায় ভাড়া থাকেন বলে জানান হুমায়ুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৯০৫ ঘ.
bdnews24