চট্টগ্রাম, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসের ঘটনায় সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের পদত্যাগ ও গ্রেপ্তার দাবি করেছে চট্টগ্রাম নগর যুবদল ও ছাত্রদল।
রোববার সকালে ছাত্রদল ও যুবদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ভবন ঘেরাও কর্মসূচি থেকে বক্তারা এ দাবি জানান।
গার্ডার ধসে প্রাণহানির ঘটনার দায় নিয়ে সিডিএ চেয়ারম্যান ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে এবং তাকে গ্রেপ্তার করা না হলে চট্টগ্রামে হরতালসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে কর্মসূচি থেকে জানানো হয়।
গত শনিবার নির্মাণাধীন এ ফ্লাইওভারের তিনটি গার্ডার ধসে পড়ে ১৩ জনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে, নিরাপত্তা বেষ্টনি ছাড়া নির্মাণ কাজ করা এবং নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান, পরামর্শক প্রতিষ্ঠান ও সিডিএর উদাসীনতা ও অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
নগরীর কোতয়ালী থানার সামনে অবস্থিত সিডিএ ভবন ঘেরাও করার জন্য যুব ও ছাত্রদল সকালে মিছিল নিয়ে যেতে চাইলে মুসলিম হাই স্কুলের সামনে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশ থেকে বক্তারা বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের পুরোপুরি অপসারণ এবং এর নির্মাণকাজে দলীয়করণ ও দুর্নীতি বন্ধের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, শ্রমিকদল নেতা এ এম নাজিম উদ্দিন, নগর যুবদল সভাপতি কাজী বেলাল, ছাত্রদল সভাপতি আহমেদুল আলম রাসেল প্রমুখ।
দুর্ঘটনার পর সিডিএ, চট্টগ্রাম জেলা প্রশাসন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনটি তদন্ত কমিটি এবং রাজউকের চেয়ারম্যানকে প্রধান করে একটি কারিগরী কমিটি করা হয়। এর মধ্যে জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনে দুর্ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান, পরামর্শক প্রতিষ্ঠান এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নেয়াকে দায়ী করা হয়।
সিডিএর তত্ত্বাবধানে ২০১০ সালের ডিসেম্বরে ১ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়, যাতে ব্যয় ধরা হয় ১০৬ কোটি টাকা। পারিশা এন্টারপ্রাইজ ও মীর আক্তার এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান এর নির্মাণ কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এসইউ/১৩২৬ ঘ.
bdnews24