২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেলে ধর্মঘট ডেকেছে ছাত্রশিবির

পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার ছাত্রদের মুক্তির দাবিতে শনিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য এ ধর্মঘট ডাকা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 05:03 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার দলীয় কর্মীদের মুক্তির দাবিতে শনিবার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট ডেকেছে ইসলামী ছাত্রশিবির। ইসলামী ছাত্রশিবির চমেক শাখার ভারপ্রাপ্ত সভাপতি মহসিন আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেডিক্যাল কলেজ থেকে গ্রেপ্তার ৩৯ ছাত্রদের মুক্তি ও ছাত্রাবাসে সহাবস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে। পুলিশের উপর হামলার অভিযোগে গত ১৮ নভেম্বর চমেক ছাত্রাবাস থেকে গ্রেপ্তার ৩৯ ছাত্রদের নির্দোষ দাবি করে তিনি বলেন, ছাত্রলীগের ষড়যন্ত্রে পুলিশ তাদের গ্রেপ্তার করে তিনটি মামলার আসামী করে। গ্রেপ্তার ছাত্রদের জেলে রেখে অন্যরা ক্লাস করতে পারে না মন্তব্য করে তিনি বলেন, যতদিন পর্যন্ত তাদের মুক্তি দেয়া হবে না ততদিন পর্যন্ত এ ধর্মঘট চলবে। ১৮ নভেম্বর সকালে নগরীর ষোলশহর দুই নম্বর গেইটে ঝটিকা মিছিল বের করে পুলিশের ওপর হামলা করে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ভাংচুর করে পুলিশের পিকআপ ভ্যানসহ বেশকয়েটি বাস ও ট্রাক। এ ঘটনার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রাবাস থেকে শিবিরকর্মী সন্দেহে ৩৯ জনকে আটক করা হয়।পুলিশ বাদি হয়ে পাঁচলাইশ থানায় তিনটি মামলা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/২২৫৬ ঘ.