২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের টাকা আত্নসাৎ, ১০ জন দণ্ডিত

বরিশালের বানারীপাড়ায় রুপালী ব্যাংকের অর্থ আত্নসাতের মামলায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

বরিশাল, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বানারীপাড়ায় রুপালী ব্যাংকের অর্থ আত্নসাতের মামলায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিশেষ জজ মো. শরিফউদ্দিন আজাদ এ আদেশ দেন। এ সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। এরমধ্যে নয়জনকে ২৫ বছর করে এবং একজনকে ৩২ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়। ২৫ বছর দণ্ডিতরা হলেন মো. শহীদুল ইসলাম সোহান, আব্দুল বারেক হাওলাদার, আমিনুল ইসলাম ওরফে স্বপন চৌধুরী, মো. শাহ আলম ওরফে আলমগীর, মনিরুল হক সবুজ, আল আহাদ ওরফে রিপন তালুকদার, মো. এনামুল হক তাপু, সুমাধব কর্মকতার ও মাসুদ আহমদ। এদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর ৬ মাস সশ্রম কারাভোগ করতে হবে। আরেকটি ধারায়ও এ নয়জনের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ব্যাংকের নিরাপত্তারক্ষী মো. শহীদুল ইসলাম শেখকে তিনটি পৃথক ধারায় ৩২ বছর ৬ মাস কারাদণ্ড এবং নয় লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিত সুমাধব কর্মকার, মাসুদ আহমেদ, মনিরুল হক সবুজ ও আব্দুল বারেক আদালতে উপস্থিত ছিলেন। মামলার নথি থেকে জানা যায়, রূপালী ব্যাংকের বানারীপাড়া শাখার এক গ্রাহকের একটি হিসাব থেকে জালিয়াতি করে আসামিরা পরস্পর যোগসাজসে নয় লাখ ৩২ হাজার টাকা আতœসাৎ করেছেন। এই ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক মোকসেদ আহমেদ ২০০৪ সালের ২৯ মে বানারীপাড়া থানায় নয় জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার এসআই ইদ্রিস আলী হাওলাদার ১০ জনকে অভিযুক্ত করে ২০০৬ সালের ২৮ এপ্রিল অভিযোগপত্র আদালতে জমা দেন। এ মামলায় ৪০ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৪ ঘ.