বেনাপোল, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিখ ধর্মালম্বীদের প্রধান গুরু নানকের জন্মদিন উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল আওয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতে সরকারি ছুটির কারণে বুধবার আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে।
“বন্দরে মালামাল লোড-আনলোডসহ অন্যান্য কাজ অব্যাহত রয়েছে।”
বেনাপোল কাষ্টমস হাউজের যুগ্ম-কমিশনার আকবর হোসেন জানান, বেনাপোল শুল্ক বিভাগের কাজকর্ম স্বাভাবিক রয়েছে। পাসপোর্টধারী যাত্রী পারাপার ও অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।
তবে বুধবার সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে কোন আমদানি-রপ্তানি হচ্ছে না বলে জানান ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্ত্বিক চক্রবর্তী।
“বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে কাজ চলবে।”
সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় উভয় সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫২৭ ঘ.
bdnews24