২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী আদালত এলাকায় বাদীর ওপর হামলা

নোয়াখালী জজ আদালত এলাকায় বাদীপক্ষের ওপর আসামির লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

নোয়াখালী, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী জজ আদালত এলাকায় বাদীপক্ষের ওপর আসামির লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে জেলা জজ আদালতের ফটকের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত হন কোম্পানিগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের মোতাহের হোসেন (৪৫) ও তার ছোটভাই আনোয়ার হোসেন (৩৮)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। মোতাহের হোসেন অভিযোগ করেন, ২০০২ সালে একটি হামলার ঘটনায় এলাকার মোশারফ হোসেন ও ছিদ্দিক উল্লাহদের বিরুদ্ধে তিনি একটি মামলা করেন। মঙ্গলবার অতিরিক্ত বিচারিক হাকিমের আদালতে ওই মামলার শুনানির দিন ছিল। বিকাল পৌনে ৩টার দিকে আদালতের কাজ শেষে দুইভাই বাইরে এলে মোশারফ হোসেনের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী আদালত চত্বরের পূর্বপাশের ফটকের সামনে হামলা চালায়। এ সময় আইনজীবীরা ও স্থানীয় দোকানদাররা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানান মোতাহের। সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন ফারুক বলেন, পুলিশ যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে গেছে। বাদীপক্ষের আইনজীবী আবুল কাশেম সাংবাদিকদের বলেন, হামলার বিষয়টি তারা আদালতকে অবহিত এবং মামলা করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১০৩ ঘ.