২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাবমূর্তি ঝুঁকির মুখে: সিপিডি

তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনা দেশের পোশাক শিল্পের ওপর কড়া নজর রাখা বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নতুন করে ঝুঁকিতে ফেলল বলে মনে করেন সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 05:59 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনা দেশের পোশাক শিল্পের ওপর কড়া নজর রাখা বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নতুন করে ঝুঁকিতে ফেলল বলে মনে করেন সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। কারখানাগুলোতে পরিপূর্ণভাবে ট্রেড ইউনিয়ন করার অধিকার না দেয়া হলে এ ধরনের ভয়াবহ ঘটনা আবারো ঘটতে পারে বলে শঙ্কাও প্রকাশ করেন তিনি। সোমবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত আঙ্কটাডের এলডিসি (অনুন্নত দেশগুলোর) প্রতিবেদন-২০১২ প্রকাশ অনুষ্ঠানে দুদিন আগে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড নিয়ে কথা বলেন দেবপ্রিয়। শনিবার সাভারের শিল্পাঞ্চলে তুবা গ্রুপের তাজরিন কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জন শ্রমিক নিহত হয়। দেবপ্রিয় বলেন, “এঘটনার ফলে ক্রেতাদের পক্ষ থেকে বাংলাদেশের পণ্য কেনার অর্ডার দেয়ার ক্ষেত্রে নি¤œমুখী কোনো পরিবর্তন ঘটে কি না এবং এদেশের তৈরি পোশাকের প্রতি বিদেশি ভোক্তাদের মনোভাবে পরিবর্তন হয় কি না, তা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে।” “উচ্চমূল্যের পোশাক তৈরির লক্ষ্যে উন্নত উৎপাদনশীলতা তৈরির জন্য উচ্চ মজুরি দেয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে দেশের পোশাক শিল্প। কিন্তু এই ধরনের ঘটনা বিষয়টিকে জটিল করে তুলবে।” এই ঘটনা যুক্তরাষ্ট্রে কোটামুক্ত প্রবেশ চেয়ে বাংলাদেশের দাবিকে দুর্বল করবে বলেও মনে করেন সিপিডির সাবেক নির্বাহী পরিচালক। সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “এরকম ঘটনায় আগেও তদন্ত কমিটি হয়েছে। কিন্তু দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এবার তা ঘটা উচিত হবে না।” এ ধরনের ঘটনা এড়াতে তাদের যথার্থ তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানান তিনি। মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ যখন তৈরি পোশাক শিল্প রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রাখার চেষ্টা করছে এবং বিদেশি ক্রেতারা যখন বেশি করে ঢাকায় আসছে তখনই এধরনের ঘটনা ঘটছে। তিনি বলেন, “সরকার এঘটনায় কী পদক্ষেপ নেয়, তা সবাই পর্যবেক্ষণ করছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এমআই/২৩৫৫ ঘ.