২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রম মন্ত্রণালয় দেবে এক কোটি টাকা

সাভারের নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি টাকা দেবে শ্রম মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 06:00 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি টাকা দেবে শ্রম মন্ত্রণালয়। এই অগ্নিকাণ্ড তদন্তে সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে, যাতে অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু রোববার সন্ধ্যায় শ্রমিক নেতাসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে ১ কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন বলে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এস এম আরিফুজ্জামান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমমন্ত্রী সোমবার প্রধানমন্ত্রীর কাছে এক কোটি টাকার চেক তুলে দেবেন। শ্রম কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে এই অর্থ দেয়া হবে বলে আরিফুজ্জামান জানান। দেশে পোশাক কারখানায় ভয়াবহতম এই অগ্নিকাণ্ডস্থলে দুপুরে গিয়েছিলেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ ও প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। মন্ত্রী শতাধিক শ্রমিকের প্রাণহানিতে শোক প্রকাশ করেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়েছিলেন তিনি। অগ্নিকাণ্ডে নিহত প্রতি শ্রমিকের পরিবারকে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। জনসংযোগ কর্মকর্তা আমিরুজ্জামান জানান, তাজরিন কারখানায় অগ্নিকাণ্ড তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। শ্রম মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফয়েজুর রহমানকে প্রধান করে গঠিত এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অগ্নিকাণ্ড তদন্তে চার সদস্যের একটি কমিটি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকারকে। কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা উত্তরা শিল্পাঞ্চল পুলিশের মহাপরিচালক মো. আব্দুস সালাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা অধিদপ্তরের পরিচালক মো. আব্দুস সালাম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (অগ্নি) সাঈদ মাহমুদ বেলাল হায়দার। ঢাকার বিভাগীয় কমিশনার এ এন শামসুদ্দীন আল আজাদ তাদের পক্ষ থেকে একটি কমিটি গঠনের কথা জানিয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে। পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ মহা পরিদর্শক মিজানুর রহমানকে এই কমিটির প্রধান করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান। এছাড়া প্রশাসন ও অর্থ বিষয়ক পরিচালক আব্দুস সালামকে প্রধান করে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি করেছে ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ। বাহিনীর উপ পরিচালক ভরত চন্দ্র বিশ্বাস এই কমিটির সদস্য সচিব এবং মিরপুরের প্রশিক্ষণ কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল বদিউজ্জামান, উপ সহকারী পরিচালক মাসুদুর রহমান ও জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা (ইপিজেড) আনোয়ার হোসেন সদস্য হিসাবে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২৩৫৭ ঘ.