ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর অসনাক্ত লাশগুলো প্রথমে আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেয়া হলেও সিদ্ধান্ত পাল্টে তা আপাতত ঢাকা মেডিকেল মর্গে রাখা হচ্ছে।
আশুলিয়ার নিশ্চিন্তপুরে শনিবার সন্ধ্যায় তাজরিন ফ্যাশনসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার পর রোববার নিহত মোট ১১০ জনের সরকারি হিসাব পাওয়া যায়।
লাশ হস্তান্তরের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মোশিউদ্দৌলা ঘটনাস্থলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো দাবিদার না থাকায় আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেয়া হয়েছে ৫৮টি লাশের দায়িত্ব।
আঞ্জুমানে মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ দাফন করে থাকে। পাওয়ার পর পোশাক শ্রমিকদের লাশগুলো তারা ঢাকায় নিয়ে আসে।
ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেসব লাশের কোনো দাবিদার পাওয়ার যায়নি, সেগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
সোমবার সকাল পর্যন্ত এসব লাশ সনাক্তের জন্য তাদের আত্মীয় স্বজনের অপেক্ষা করা হবে বলে জানান তিনি।
এরপরও যাদের পরিচয় পাওয়া যাবে না, তাদের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এরপর সেগুলো দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেয়া হবে।
ইউসুফ হারুন জানান, ১১০টি লাশের মধ্যে ৬০ জনের পরিচয় সনাক্ত করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এমআই/২০০০ ঘ.
bdnews24