খুলনা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার উদযাপিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড় থেকে রয়্যাল চত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এতে অংশ নেন উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান, কোষাধ্যক্ষ ফকির আবু হোসেন, ডিন, রেজিস্ট্রার , বিভাগীয় প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
বিকালে শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোতে আলোকসজ্জা হবে।
এছাড়া হলগুলোতে রাতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
১৯৯১ সালের ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। তবে এ বছর ওই দিনটি আশুরার ছুটি হওয়ায় একদিন আগেই বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৪৪৪ ঘ.
bdnews24