বরিশাল, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে বৃহস্পতিবারও ধর্মঘট অব্যাহত রেখেছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।
আগামী শনিবার দুপুরের মধ্যে দায়ীদের গ্রেপ্তার না করা হলে আরো কঠোর কর্মসূচির হুমকিও দেয় তারা।
বৃহস্পতিবার চিকিৎসকদেরকে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করেও ব্যর্থ হন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরন।
শিক্ষানবিশ চিকিৎসকদের সংগঠন ‘ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশন’র সভাপতি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এ আন্দোলন চলবে। ঘটনার ২৪ ঘণ্টা পরও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সিটি মেয়রের অনুরোধ রক্ষা করা হয়নি।”
হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার রতন কুমার ঢালী জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় করিমন বিবিকে (৬০) ১৯ নভেম্বর হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। বুধবার সকালে অবস্থার অবনতির একপর্যায়ে তার মৃত্যু হয়।
ঘটনার জেরে করিমনের ছেলে রাঙ্গামাটি জেলা পুলিশের কনস্টেবল মামুনুর রশিদ কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসক তন্ময় বড়–য়াকে মারধর ও তার সঙ্গে দুর্ব্যবহার করেন।
এদিকে বৃহস্পতিবার শিক্ষানবিশ চিকিৎসকদের সংগঠন ‘ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশন’ দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ ও পরিচালকের কার্যালয় ঘেরাও করে।
হাসপাতাল সূত্র জানায়, ধর্মঘটের কারণে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতাল থেকে ২৫৭ জন রোগী বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যু হয় ১১ জন রোগীর।
চিকিৎসক মারধরের ঘটনায় হাসপাতালের পরিচালক ফেরদৌস আলম শিব্বি বাদী হয়ে মৃত রোগীর স্বজনদের (অজ্ঞাত) আসামী করে বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩১৯ ঘ.
bdnews24