২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইঞ্জিনিয়ার মোশাররফের দুর্নীতি মামলা বাতিল

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের দায়ের করা একটি দুর্নীতি মামলা বাতিল করে দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 11:44 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের দায়ের করা একটি দুর্নীতি মামলা বাতিল করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম খান। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে ছিলেন ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস এবং সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রায়ের পর খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০৮ সালে দেয়া একটি রুলের চূড়ান্ত শুনানি করে আদালত আজ রায় দিয়েছে। রায়ে মামলাটি বাতিল করা হয়েছে।” এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না সে বিষয়ে দুদক পরে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা মোশাররফ হোসেনের বিরুদ্ধে ২০০৭ সালের ২২ শে নভেম্বর চট্টগ্রামের ডবলমুরিং থানায় এ মামলা দায়ের করেন দুদকের উপ পরিচালক জাহাঙ্গীর আলম। মামলার অভিযোগে বলা হয়, মোশাররফ হোসেন চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় কার পার্কিংয়ের জন্য বরাদ্দ করা একটি জায়গা তিন তারকা হোটেল গোল্ডেন ইন নির্মাণের জন্য ইজারা দেয়ার সুপারিশ করেন। ১ দশমিক ৪৪ বিঘা আয়তনের ওই জমির মূল্য ধরা হয় এক কোটি ৬৯ লাখ ২০৭ টাকা। পরে মন্ত্রীর অনুমোদন নিয়ে মেসার্স সানমার হোটেল লিমিটেডের নামে ওই জমির ইজারা নিবন্ধন করা হয়। এক্ষেত্রে দলিলে উল্লেখ করা দরের চেয়ে সানমার হোটেলের কাছ থেকে ২ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ৭৪৮ টাকা বেশি আদায় করা হয়। এ অভিযোগেই দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমএমআর/জেকে/১৭৪০ ঘ.