চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ৬ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- সদর উপজেলার দুলাল (২০) ও বিপুল (৩৫), শিবগঞ্জ উপজেলার নিপুন রহমান (২২), নাচোল উপজেলার আবুল কালাম (৩০), ভোলাহাট উপজেলার আব্দুল লতিফ (৬০) এবং গোমস্তাপুর উপজেলার মো. ফারুক (৩০)।
সদর থানার ওসি গোলাম মোর্তুজা ও শিবগঞ্জ থানার ওসি জমির উদ্দীনসহ সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ওই কর্মীদের গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে চলতি মাসের শুরু থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাংচুর চালিয়ে আসছে জামায়াত-শিবির কর্মীরা।
রোববারও ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় পুলিশের ওপর হামলা চালায় শিবির কর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১২২৫ ঘ.
bdnews24