চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও ভাংচুরের ঘটনায় নগর জামায়াতে ইসলামীর আমীরসহ ৬৪ জনের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।
নগরীর বায়েজীদ থানার উপ-পরিদর্শক (এসআই) বশির উদ্দিন রোববার রাতে এসব মামলা দায়ের করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম নগর জামাতের আমীর ও সাংসদ শামসুল ইসলাম এবং সাবেক সাংসদ শাহাজান চৌধুরীসহ ৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে এসব মামলায়।
রোববার সকালে ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় শিবির কর্মীরা মিছিল নিয়ে পুলিশের একটি পিকআপ ভাংচুর করে। এ সময় তারা দায়িত্ব পালনরত চার পুলিশ সদস্যের ওপরও হামলা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিবিরের ঝটিকা মিছিলটি দুই নম্বর গেইট থেকে প্রবর্তক মোড়, চকবাজার হয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে প্রবেশ করে। পথে প্রবর্তক মোড়ে কয়েকটি দোকান ও যানবাহনেও ভাংচুর চালায় মিছিলকারীরা।
হামলার ঘটনায় ৫ জনকে আটক করার পর দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে আরো ৩৭ জনকে আটক করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/জেকে/১১৪০ ঘ.
bdnews24