ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়াক্ফ (মুসলিম শরিয়া মোতাবেক দান) সম্পত্তিতে আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ভবন নির্মাণের পথ খুলছে।
এই ধরনের জমির ওপর অংশীদারিত্বের ভিত্তিতে বহুতল আবাসিক ফ্ল্যাট ও বাণিজ্যিক ভবন বা বাড়ি নির্মাণের বিধান রেখে ওয়াক্ফ সম্পত্তি (হস্তান্তর ও উন্নয়ন) বিশেষ বিধান বিল রোববার সংসদে উত্থাপন করা হয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রী মো. শাজাহান মিয়া বিলটি উত্থাপনের পর তা পরীক্ষা করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
ওয়াক্ফ সম্পত্তি হস্তান্তর ও ব্যবহার নিয়ন্ত্রণ এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে আয় করতে এই বিল উত্থাপন করা হয়েছে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, একমাত্র মোতাওয়াল্লি বা উপকারভোগীর কাছেই ওয়াক্ফ সম্পত্তি হস্তান্তর করা যাবে। মোতাওয়াল্লি যাতে ওয়াক্ফকারীর প্রকৃত উত্তরাধিকার ছাড়া কারো কাছে সম্পত্তি হস্তান্তর করতে না পারেন সে বিধান করা হয়েছে।
বিলে ওয়াক্ফ সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে বিশেষ কমিটি রাখার বিধান রাখা হয়েছে। এই কমিটি বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রণালয়ে সুপারিশ করবে। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো ওয়াক্ফ সম্পত্তি হস্তান্তর করা যাবে না।
মোতাওয়াল্লি বা উপকারভোগী নন এমন তৃতীয় পক্ষের কাছে ওয়াক্ফ সম্পত্তি বিক্রি নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে।
প্রস্তাবিত আইনের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, ১৯৬২ সালে ওয়াক্ফ অধ্যাদেশ প্রবর্তিত হওয়ার পর থেকে গত ৫০ বছরে এই আইনের কোনো পরিবর্তন বা সংশোধন করা হয়নি। ওয়াক্ফ সম্পত্তির হস্তান্তর ও ব্যবহার নিয়ন্ত্রণ এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে বিপুলভাবে আয় বাড়ানোর সম্ভাবনা ও সুযোগ রয়েছে।
আইনটি হলে ওয়াক্ফ সম্পত্তির অপদখল হ্রাস পাবে, হস্তান্তরের পদ্ধতি আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে বলে সরকার আশা করছে।
নতুন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি রোববার সংসদ অধিবেশনে যোগ দিলে তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।
দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন গাজীপুর-৪ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিটে বিজয়ী হয়ে সংসদে এসেছেন।
ওই আসনের সংসদ সদস্য ছিল তার ভাই তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি পদত্যাগ করায় উপনির্বাচন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২৩৯ ঘ.
bdnews24