২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই’

বিবিসি বাংলা আয়োজিত সংলাপে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 05:28 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আর কোনো আলোচনার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। শনিবার রাতে রাজধানীর লালবাগ কেল্লায় বিবিসি বাংলা আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন। সংলাপের বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশের পররবর্তী সাধারণ নির্বাচন কোন পদ্ধতিতে হতে পারে’। এ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ বলেন, “দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। সরকার যদি আশ্বাস দেয়, নিশ্চয়তা দেয় যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, তাহলেই আলোচনায় বসা সম্ভব।” মওদুদের এমন বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংবিধান সংশোধনের সময় আমরা তাদেরকে আলোচনার জন্য ডেকেছিলাম। কিন্তু সে সময়ে তারা আসেননি। তাই এই ইস্যুতে এখন কোনোভাবেই আলোচনা সম্ভব নয়।” নির্বাচন কমিশনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমার জানা মতে এই মুহূর্তে পৃথিবীর যে কোনো দেশের নির্বাচন কমিশনের চেয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন শক্তিশালী।” মন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মওদুদ বলেন, “দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন নিরপেক্ষ কাজ করতে পারে না। নিরপেক্ষ নির্বাচন করতে হলে নির্দলীয় প্রশাসন থাকতে হবে। দলীয় প্রশাসন ও পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।” তবে নির্বাচন কমিশনকে শুধু আইন দিয়ে স্বাধীন করা যাবে না বলেই মনে করেন সাবেক নির্বাচন নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “নির্বাচন কমিশনকে শুধু আইন দ্বারা স্বাধীন করা যাবে না। স্বাধীন নির্বাচন কমিশনের জন্য এমন ব্যক্তির প্রয়োজন হয় যিনি মেরুদ- সোজা করে দাঁড়াতে পারেন।” আর নির্বাচন নিয়ে বর্তমান সংকট প্রসঙ্গে তার মন্তব্য, “শুধুমাত্র রাজনৈতিক সংলাপের মাধ্যমে কাছাকাছি আসতে পারলেই এর সমাধান সম্ভব।” সংলাপে অংশগ্রহণকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন খন্দকারের মতে, এ বিষয়ে সংসদেই আলোচনা হওয়া উচিত। পুরো সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিসি বাংলার সাংবাদিক আকবর হোসেন। অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রিত দর্শকরা নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন করেন এবং নিজেদের মতামতও প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/২৩১০ ঘ.