বরিশাল, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর নলছিটি উপজেলায় শনিবার বাস উল্টে এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৫০ জন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনায় নিহতরা হলেন পটুয়াখালীর বদরপুর গ্রামের মোর্শেদা বেগম (৩৫), তার ছেলে এশা (১৫) এবং বোনের ছেলে সাইফুল (১৫)।
এর আগে এক শিশুসহ চারজনের মৃত্যুর কথা জানিয়েছিল স্থানীয়রা। তখন উল্টে যাওয়া বাসের নিচে পড়া মোটরসাইকেল আরোহী মো. শামীমের মেয়ে শেফা (৬) নিহত বলে ধরা হয়েছিল। কিন্তু হাসপাতালে নেয়ার পর সে বেঁচে আছে বলে জানান চিকিৎসক।
আহতদের মধ্যে ৩১ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত শিশু শেফার অবস্থা আশঙ্কাজনক।
বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পটুয়াখালীর কুয়াকাটা থেকে ৬০/৭০ জন যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল সিফাত পরিবহনের একটি বাস।
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের খয়েরাবাদ সেতু এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়।
নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পরপরই র্যাব, মহানগরীর কোতোয়ালি মডেল থানা, বন্দর থানা, নলছিটি থানা ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে বাসে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৯ ঘ.
bdnews24