২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ পিটিআইয়ে প্রশিক্ষণার্থীরা ক্ষুব্ধ

কিশোরগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউিটের প্রশিক্ষণার্থীরা তত্ত্বাবধায়কের অপসারণ এবং পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 10:31 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

কিশোরগঞ্জ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউিটের প্রশিক্ষণার্থীরা তত্ত্বাবধায়কের অপসারণ এবং পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবি করেছেন। শনিবার তারা এ দাবিতে পূর্ব নির্ধারিত পরীক্ষা বর্জন এবং মিছিল-সমাবেশ করেছেন। ফলে প্রথম অভ্যরীণ পরীক্ষার নির্ধারিত দুটি অনুষ্ঠিত হয়নি। প্রশিক্ষণার্থী শিক্ষকরা জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি গত ১২ নভেম্বর নতুন পরীক্ষা পদ্ধতি চালুর বিষয়ে একটি পত্র জারি করে। পত্রটি বুধবার (১৪ নভেম্বর) জেলা পিটিআইয়ের তত্ত্বাবধায়কের কার্যালয়ে পৌঁছে। নতুন পদ্ধতিতে দু’টি পরীক্ষায় অনুপস্থিত থাকলে ওই শিক্ষার্থীর ভর্তি বাতিল হয়ে যাবে। এই কারণে তত্ত্বাবধায়ক মোছাম্মৎ দিলরুবা চৌধুরী দুই শিক্ষার্থীর ভর্তি বাতিল করলে প্রশিক্ষণার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর প্রতিবাদে ইনস্টিটিউিটের ১৮৬ জন প্রশিক্ষণার্থী নির্ধারিত পরীক্ষা বর্জন এবং ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। তারা তত্ত্বাবধায়কের অপসারণ এবং প্রশিক্ষণার্থীদের ভর্তি বাতিলের আদেশ প্রত্যাহারের দাবি জানান। আন্দোলনরত ঘোড়াদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজীব সরকার, শসেরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনার কলি, পূর্ব কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সালমা আক্তার, সুতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রবিউল আউয়ালসহ অন্য শিক্ষকরা বলেন, পরীক্ষার আগে নতুন নিয়ম চালু না করে ৫ নভেম্বর পরীক্ষা শুরু হওয়ার পর করে আমাদের প্রতি অবিচার করা হয়েছে। এটি সম্পূর্ণ অযৌক্তিক। এটা মেনে নেয়া যায়না। এ ব্যপারে তত্ত্বাবধায়ক মোছাম্মৎ দিলরুবা চৌধুরী বলেন, তিনি সরকারি নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩৫ ঘ.