২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যাগগনের ভালা ওবি’

বান্দরবানের রুমায় সাঙ্গু নদীতে নতুন সেতু পেয়ে হাসি দেখা গেল এখানকার পাহাড়িদের মুখে। এই সেতুকে অনেক ভোগান্তির সমাধান বলে মনে করছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 09:49 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক রুমা (বান্দরবান), নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের রুমায় সাঙ্গু নদীতে নতুন সেতু পেয়ে হাসি দেখা গেল এখানকার পাহাড়িদের মুখে। এই সেতুকে অনেক ভোগান্তির সমাধান বলে মনে করছেন তারা। সাঙ্গু নদীর ওপর নির্মিত ২১৭ দশমিক ১৫ মিটার দীর্ঘ রুমা সেতু শনিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই তা সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। যুগ যুগ ধরে নৌকায় এই নদী পার হওয়া জনগণ দল বেঁধে নতুন সেতুতে উঠে মেতে ওঠেন হৈ-হুল্লোড়ে। সেতুতে দাঁড়িয়ে কেউ কেউ মোবাইল ফোনে তোলেন নিজের ছবি। অনেককেই সেতুতে বসে আয়েশি ভঙ্গিতে চুরুট টানতেও দেখা গেল। দুই নাতি নিয়ে সেতু উদ্বোধন দেখতে এসেছিলেন তালাপাড়ার বৃদ্ধা নুরাইশা বেগম। এই সেতু হওয়ায় কোনো সুবিধা হবে কি না- জানতে চাইলে এই বৃদ্ধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাগগনের ভালা ওবি (সবার ভালো হবে)।” ব্যবসা-বাণিজ্য কিংবা অন্য কিছু নয়, শুধু যাতায়াতে সুবিধা পাওয়া যাবে, তা ভেবেই রুমার এদেন রোডের বাসিন্দা ওয়াইফার ত্রিপুরার মুখে রাজ্যের হাসি। লাইরুন পিপাড়া গ্রামের রামসিম বম জানান, নৌকা না পেলে আগে মাল বিক্রি করা যেত না। এখন থেকে কলা, কমলা ও আনারাস বান্দরবান নিয়ে বিক্রি করা যাবে। আগে রুমা বাজারে অল্প দামে এই ফল বিক্রি করতেন বলে জানান তিনি। “যেমন ধর অসুখ-বিসুখ, ব্যবসা, যাতায়াতের অনেক সুবিধা পাওয়া যাবি,” নতুন সেতু নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে একদমেই বলেন ডুমো জুনিয়র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রামমোহন শাহ। এই সেতু উদ্বোধন উপলক্ষে এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার ছুটি ছিল বলে জানান তিনি। এই স্কুল শিক্ষক বলেন, “আগে রুমা বাজারের সরকারি চিকিৎসা কেন্দ্রে গিয়ে ছোটখাট অসুখের চিকিৎসা নিতে হত। বড় অসুখ হলে ঝামেলা হত। সেতু হওয়ায় এখন আমরা অল্প সময়েই বান্দরবান যেতে পারব।” বছরে ছয় থেকে সাত মাস নৌকায় এই নদী পার হতে অনেক ‘ঝামেলা’ হত জানিয়ে তিনি বলেন, নৌকায় প্রতিবার পার হতে দেয়া লাগত পাঁচ টাকা। ময়ূরপাড়ার ফাইচির মুখের হাসি যেন থামতেই চাচ্ছে না। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরই লম্বা একটি চুরুট টানতে টানতে ‘দলবল’ নিয়ে সেতুতে উঠে পায়চারি করছিলেন তিনি। হাসির কারণ জানতে চাইলে এই বৃদ্ধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বান্দরবান গিয়ে এখন থেকে ফল বিক্রি করা যাবে। তার দুটি কমলার বাগান আছে। আগে অল্প দামে রুমা বাজারে কমলা বিক্রি করতেন তিনি। সাঙ্গু নদীতে যেখানে নতুন সেতু নির্মাণ করা হয়েছে, রুমা বাজার তার থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে বলে জানান তিনি। এদের পাড়ার সাপখোপ বম ও বেথেল পাড়ার হেলেনও নতুন সেতু পেয়ে অনেক খুশি। নিজেদের কমলা, আনারস, লিচু ও কাঁঠাল বাগান থাকায় এখন বান্দরবান ও ঢাকায় নিয়ে এসব ফল বিক্রির ‘স্বপ্ন’ দেখছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৫৪৪ ঘ.