২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ললাটে ফোঁটা ভরে ভাইটি চিরঘুমে

আগের দিন সুভাষ দত্তকে ভাইফোঁটা দিয়েছিলেন দুই বোন। কে জানতো ললাটে ফোঁটা নিয়ে ভাইটি পরদিনই চিরঘুমে চলে যাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিন সুভাষ দত্তকে ভাইফোঁটা দিয়েছিলেন দুই বোন। কে জানতো ললাটে ফোঁটা নিয়ে ভাইটি পরদিনই চিরঘুমে চলে যাবেন। শুক্রবার রামকৃষ্ণ মিশন রোডে সুভাষ দত্তের ‘সত্যাশ্রয়ে’ গিয়ে দেখা গেল গেরুয়া বসনে গলায় হলুদ গাদাফুলের মালা, আর চোখে তুলসী পাতা দিয়ে ঘুমাচ্ছেন এই চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার পরিপাটি ঘরে রাখা শোকেসগুলোতে থরে থরে সাজানো নানা ক্রেস্ট। দেয়ালে ঝোলানো একুশে পদকপ্রাপ্তির সনদ, পাশেই বিভিন্ন সময়ে তোলা স্থিরচিত্রগুলোতে হাস্যজ্জ্বল সুভাষ। একটি ছবিতে তার ‘অনুপ্রেরণা’ চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের নিজ হাতে লেখা অভিনন্দন বার্তা ‘সুতরাং চলচ্চিত্রের ফ্রাংকফুট পুরস্কার প্রাপ্তির জন্য শ্রী সুভাষ দত্তকে অভিনন্দন জানাচ্ছি’। বড় ছেলে শিবাজী দত্ত বাবা সম্পর্কে বলেন, “আমার সারাজীবনের ধীর স্থির বাবা বিদায়ের সময়ও কাউকে অস্থির করেননি। কাল আমার দুই পিসিকে ভাইফোঁটা দিয়েছেন। রাত অব্দি মোটামুটি সুস্থই ছিলেন। সকালে হঠাৎ চলে গেলেন কিছু বোঝার আগেই।” যোগ-ধ্যানে নিয়মিত সন্যাসী বাবার সংসার নিয়ে উদাসীনতা থাকলেও চলচ্চিত্রের ব্যাপারে তার অখণ্ড মনোযোগের বিষয়টিও মনে করিয়ে দিলেন শিবাজী। “এটা সত্য তিনি সংসার নিয়ে উদাসীন ছিলেন। কিন্তু আমাদের অভাব অভিযোগটাও তিনি ঠিক ঠিক বুঝতে পারতেন।” ২০০১ সালে স্ত্রী বিয়োগ হওয়া সুভাষ দুই পুত্র ও দুই কণ্যার জনক। ছোট ছেলে সুইডেনপ্রবাসী। আর দুই মেয়ে থাকেন রংপুর ও পটুয়াখালীতে। সন্নাসী জীবনে অভ্যস্ত মৃত সুভাষের মাথার কাছে মন্ত্র পড়ছিলেন ভক্তি সুন্দর গিরিমহারাজ। তিনি বলেন, “উনি ছিলেন দৈন্যতার পাহাড়। সত্য-সুন্দরের পূজারী। সারাজীবন দীনতার মধ্য দিয়ে তিনি নিজেকে প্রকাশ করেছেন সবসময়।” তার কাছ থেকেই জানা গেল সুভাষ দত্ত একজন ভালো ফুটবলারও ছিলেন। ভালো ধারাবিবরণী দিতে পারতেন। সুভাষের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার সকালে সত্যাশ্রয় থেকেই সুভাষকে নেয়া হবে রামকৃষ্ণ মিশনে। সেখান থেকে বেলা ১২টা নাগাদ তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে রাখা হবে। সেখানে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শনের পর বেলা ৩টা নাগাদ শেষবারের মতো তার কর্মস্থল এফডিসিতে নিয়ে যাওয়া হবে সুভাষের মরদেহ। সন্ধ্যায় পোস্তগোলা মহাশশ্মানে শেষকৃত্য সম্পন্ন হবে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি মাসুদ পারভেজ সুভাষ দত্তের মূল্যায়ণ প্রসঙ্গে বিডিনিউজকে বলেন, “প্রথমে কৌতুক অভিনেতা সুভাষ দত্তের কৌতুকে খুব মজা পেয়েছি। পরে যখন পরিচালনায় আসলেন সেখানে আরেক সুভাষ দত্তকে আবিস্কার করলাম।” “সুতরাং চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনিই প্রথম বাংলা চলচ্চিত্রে সিম্বলিক শটের প্রচলন ঘটান খুবই দক্ষতার সাথে।” আর ব্যক্তি সুভাষ সম্পর্কে তার মূল্যায়ণ, “তিনি এমন একজন ব্যক্তি যিনি জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সব মানুষকে আপন করে নিতে পারতেন।” সুভাষ দত্তের বিখ্যাত চলচ্চিত্র সুতরাং নিয়ে ধানমন্ডির দৃক গ্যালারিতে আলোকচিত্রী সালমা আহমেদের প্রদর্শনী শুরু হওয়ার কথা ২০ নভেম্বর, যেখানে তার নিজেরও উপস্থিত থাকার কথা ছিল। এ প্রসঙ্গে সালমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ২০০৭ সাল থেকে এটা নিয়ে কাজ করছি। কিন্তু তিনি শেষ পর্যন্ত এটা দেখে যেতে পারলেন না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/২০৩৫ ঘ.