সিলেট, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক নির্যাতন ও হত্যার মামলাগুলো পুনরুজ্জীবিত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এ ব্যাপারে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নথি চাওয়া হয়েছে। মামলাগুলোর অবস্থা পর্যালোচনা করে জড়িতদের শাস্তির ব্যবস্থা করা হবে।
তথ্যমন্ত্রী বলেন, সরকার জাতীয় সম্প্রচার নীতিমালা তৈরির জন্য কাজ করছে। এজন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে গণমাধ্যমবান্ধব জাতীয় স¤প্রচার নীতিমালার খসড়া প্রণয়ন করা হবে।
আগামী এক-দেড়মাসের মধ্যে বেসরকারি টেলিভিশন পরিচালনা নীতিমালা ঘোষণা করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এতে বেসরকারি টেলিভিশনের মালিক ও সাংবাদিকসহ সবাই উপকৃত হবেন।
এছাড়া ইলেক্ট্রনিক মিডিয়াকে ওয়েজ বোর্ডের অধীনে আনার জন্যও সরকার কাজ করছে বলে জানান তিনি।
এ সময় সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা জাসদ সভাপতি কলমদর আলী, সাধারণ সম্পাদক লোকমান আহমদ, মহানগর সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক নাজাত কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে তথ্যমন্ত্রী সিলেটে মহাজোট নেতৃবৃন্দ এবং বেতার ও তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫৯ ঘ.
bdnews24