ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন প্রতিষ্ঠানের কভার্ড ভ্যান থেকে লুট হওয়া বিপুল পরিমাণ চোরাই সুতা ও কাপড়সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত যাত্রাবাড়ী, উত্তরা, মালিবাগ ও সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- মো. জাফর (২৫), মশিউর রহমান (৩৫), মো. সাইফুল ইসলাম ওরফে শাহীন (৩৫), জামান (৪০), মো. আবু কাওসার (৩৫), মনির হোসেন (৪০), মো. সেলিম রেজা (৪০), মিজানুর রহমান (৩৮), সাগর মাহমুদ (৩৫) ও মোকছেদুল ইসলাম (২৪)।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মালিবাগে অ্যারিওয়্যার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান থেকে চোরাই কাপড় ও সুতা উদ্ধার করা হয়।
উদ্ধার করা কাপড় ও সুতার দাম আনুমানিক দেড় কোটি টাকা বলে মশিউর রহমান জানান।
তিনি বলেন, গত ১৩ অগাস্ট এবং ১১অক্টোবর জিএমএস কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিনহা টেক্সটাইল গ্রুপ এবং ওপেক্স গ্রুপের কভার্ড ভ্যান থেকে এসব সুতা ও কাপড় জাকাতি হয়।
“ভ্যানের চালকদের সংজ্ঞাহীন করে পণ্যবোঝাই কভার্ডভ্যানগুলো নিয়ে যায় ডাকাত দল।”
এরপর বিশ্বাস গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার সেলিম রেজার মাধ্যমে অ্যারিওয়্যার লিমিটেডের কর্মকর্তা মিজানুর রহমান এসব চোরাই কাপড় ও সুতা কেনেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৬৩২ ঘ.
bdnews24