২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুখরঞ্জনের সন্ধানে দ্বিতীয় রিট আবেদনে বিব্রত বিচারক

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষের সাক্ষী ‘নিখোঁজ’ সুখরঞ্জন বালীর সন্ধানে করা নতুন একটি রিট আবেদনে বিব্রত হয়েছেন হাই কোর্টের এক বিচারপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষের সাক্ষী ‘নিখোঁজ’ সুখরঞ্জন বালীর সন্ধানে করা নতুন একটি রিট আবেদনে বিব্রত হয়েছেন হাই কোর্টের এক বিচারপতি। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে নতুন আবেদন নিয়ে যান ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ওই আদালতের জ্যেষ্ঠ বিচারক সৈয়দ রেফাত আহমেদ শুনানি করতে চাইলেও কনিষ্ঠ বিচারপতি এতে অনিচ্ছা প্রকাশ করেন। শেখ হাসান আরিফ বিব্রতবোধ করায় নিয়ম অনুসারে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। তিনি এখন এই আবেদনের শুনানির জন্য অন্য একটি বেঞ্চে পাঠাবেন। রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারপতি শেখ হাসান আরিফ বলেছেন, তাদের (আবেদনকারী) নতুন কোন গ্রাউন্ড থাকলে সংশ্লিষ্ট আদালতে গিয়েই তারা আবেদন করতে পারে। কারণ ওই বেঞ্চটি এখনো বিদ্যমান আছে।” রিট আবেদনকারী পক্ষের আইনজীবী মো. তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আদালতে যাওয়ার পর সিনিয়র বিচারপতি বললেন, একজন ব্যক্তির জীবন যেখানে বিপন্ন সেখানে আবেদনটি আমাদের শোনা উচিত। তবে শুনতে দুজন একমত না হওয়ায় নিয়ম অনুসারে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়।” সুখরঞ্জনের সন্ধানে গত মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ রিট আবেদন হলেও ‘উপস্থাপিত হয়নি’ জানিয়ে তা খারিজ হয়ে যায়। গত ৫ নভেম্বর ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে যাওয়ার সময় আদালতের ফটক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুখরঞ্জনকে তুলে নিয়ে যায় বলে সাঈদীর আইনজীবীদের অভিযোগ। সুখরঞ্জনকে ‘তুলে নেয়া’ নিয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বেশ হৈ চৈ করেন সাঈদীর আইনজীবীরা। এজন্য কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে ট্রাইব্যুনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২১৪৩ ঘ.