টাঙ্গাইল, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হওয়ায় মানুষ রাষ্ট্রক্ষমতায় পরিবর্তন চায় মন্তব্য করে এইচ এম এরশাদ বলেছেন, ঘাটাইলের উপনির্বাচন থেকেই এই পরিবর্তনের সূচনা হবে।
আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠেয় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে এ কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।
বৃহস্পতিবার বিকেলে ঘাটাইল উপজেলা হাইস্কুল মাঠে জনসভায় সাবেক সামরিক শাসক এরশাদ বলেন, “গত দুই সরকারের সময়ে বাংলাদেশ দুর্নীতিতে ছয় বার চ্যাম্পিয়ন হয়েছে। তাই মানুষ পরিবর্তন চায়। পরিবর্তনের যাত্রা শুরু হবে ঘাটাইলের উপনির্বাচন থেকে।”
এ সময় দলীয় প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিনের পক্ষে ভোট চেয়ে এরশাদ বলেন, “উপ-নির্বাচনে জাতীয় পার্টি জয়ী হলে যেমন সরকার গঠন করতে যাবে না, তেমনি নৌকা পরাজিত হলে সরকারের বিদায় হবে না।
“তাই লাঙলে ভোট দিয়ে এ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করুন।”
উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মতিয়ুর রহমানের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা কাজী জাফর আহম্মেদ, জাতীয় পার্টির মহাসচিব রুহল আমীন হাওলাদার ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।
গত ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মতিউর রহমানের মৃত্যুতে এই সংসদীয় আসন শূন্য হয়। পরে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে গত ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন।
প্রধান বিরোধী দল বিএনপি অংশ না নেয়ায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও এক বিদ্রোহী প্রার্থীর সঙ্গেই জাতীয় পার্টির প্রার্থী তুহিনের ভোটযুদ্ধ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২১০২ ঘ.
bdnews24