রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরীর পদত্যাগ দাবি করেছে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একটি সংগঠন।
ঐক্য পরিষদ নামের ওই সংগঠনটি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছে।
এতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগে ক্লাস কিংবা পরীক্ষা হয়নি।
এ আন্দোলনে সমর্থন দিচ্ছে সরকার দলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’ এবং বুধবার ছাত্রলীগ উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দেয়।
উপাচার্যের বিরুদ্ধে ঐক্য পরিষদের অভিযোগগুলো হল রুয়েট শিক্ষক সমিতি নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি নির্বাচিত হওয়ায় নির্বাচন বাতিল, শহীদ মিনার নির্মাণে ইচ্ছাকৃত বিলম্ব, নির্ধারিত সময় পার হলেও ‘শেখ হাসিনা হলে’ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি স্থাপনে বিলম্ব, যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে জনমত গঠনে অসহযোগিতা, অনুপস্থিতি এবং বিভিন্ন জাতীয় দিবস ও বঙ্গবন্ধুর আদর্শ-চেতনার প্রতি অশ্রদ্ধা প্রদর্শনসহ ছাত্রলীগের ওপর নানারকম একাডেমিক হয়রানি।
আন্দোলনের লক্ষ্যে রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এন এইচ এম কামরুজ্জামান সরকারকে আহ্বায়ক করে বুধবার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ঐক্য পরিষদ গঠন করা হয়।
কামরুজ্জামান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমান উপাচার্য শিক্ষার্থীদের ফলাফল কেলেঙ্কারির সাথে জড়িত হয়ে পড়েছেন। তিনি দ্বিতীয় শ্রেণি পাওয়া এক শিক্ষার্থীকে প্রথম শ্রেণি পাইয়ে দিতে সহায়তা করে নৈতিক স্খলন ঘটিয়েছেন।
উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে তিনি জানান।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অযৌক্তিক অভিযোগ করে তো কোনো লাভ নেই। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে সেগুলো তারা প্রমাণ করুক। আমি তাদের সাহায্য করব।”
তিনি বলেন, ২০১০ সালে উপাচার্য পদে যোগদানের পর থেকে বিভিন্ন সময় ওই মহল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছে। কোনো ফল আসেনি।
তিনি নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের লোক দাবি করে বলেন, “তুচ্ছ এই আন্দোলন নিয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের আতংকিত হওয়ার কিছু নেই। আমরা ১৯ নভেম্বর ভর্তি পরীক্ষা নেয়ার সব ব্যবস্থা গ্রহণ করেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৪ ঘ.
bdnews24