২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘কে সত্য বলছে- মন্ত্রী, না র‌্যাব’

স্কুলছাত্র পরাগ মণ্ডলকে উদ্ধারের ক্ষেত্রে মুক্তিপণ দেয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও র‌্যাবের বিপরীতধর্মী বক্তব্য ধরে সরকারের সমালোচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলছাত্র পরাগ মণ্ডলকে উদ্ধারের ক্ষেত্রে মুক্তিপণ দেয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও র‌্যাবের বিপরীতধর্মী বক্তব্য ধরে সরকারের সমালোচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অপহরণ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির নজির বলেও দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে তাঁতি দলের এক আলোচনা সভায় ফখরুল বলেন, “পরাগকে উদ্ধারের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশ তাকে উদ্ধার করেছে। অন্যদিকে র‌্যাব অধিনায়ক বলছেন, ৫০ লাখ টাকার বিনিময়ে পরাগ উদ্ধার পেয়েছে। “আমি বিনয়ের সঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, কার বক্তব্য সত্য- আপনার, না র‌্যাব অধিনায়কের।” “এই সরকারের মন্ত্রীরা এভাবে প্রতিনিয়ত জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করে যাচ্ছেন,” যোগ করেন বিএনপির মুখপাত্র। গত রোববর সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিম পাড়ায় ব্যবসায়ী বিমল মণ্ডলের স্ত্রী, মেয়ে ও গাড়িচালককে গুলি করে ছেলে পরাগকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তিন দিন পর মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের আঁটি বাজার এলাকায় অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়। পরাগকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে বলে র‌্যাব বললেও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, এই ধরনের কোনো তথ্য তার কাছে নেই। এনিয়ে প্রকাশিত সংবাদও ঠিক নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৪৫ ঘ.