ফরিদপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেএসসি’র শেষ পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে ফরিদপুরের নগরকান্দার অন্তর (১৪)।
এ দুর্ঘটনায় অন্তরের পাঁচ সহপাঠী ও তাদের বহনকারী টেম্পুচালক আহত হয়েছে।
আহতদের মধ্যে দুজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং বাকি চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুর সোয়া ১টার দিকে ফরিদপুর-নগরকান্দা সড়কে জুঙ্গুরদী এলাকায় এ দুর্ঘটনা পড়া ছাত্রছাত্রীরা সবাই নগরকান্দার নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী।
নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য দেলোয়ার হোসেন মাস্টার বলেন, জেএসসি পরীক্ষার শেষদিনের বিষয় ছিল কৃষিশিক্ষা। এরা নগরকান্দা এসএনএ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা শেষে টেম্পুযোগে তালমা ফিরছিল।
টেম্পুাট নগরকান্দার জুঙ্গুরদী পৌঁছলে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অন্তরের মৃত্যু হয়।
আহত হয় অন্তরের সহপাঠী বিশ্বজিৎ (১৪), সোহাগ (১৪), রিজভা (১৪), সাগর (১৪), সালমা (১৪) এবং টেম্পুচালক মোস্তফা শেখ (৩০)।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুনীল চক্রবর্তী বলেন, আহত বিশ্বজিৎ, সোহাগ, সাগর ও মোস্তফাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সালমা ও রিজভা তাদের হাসপাতালে চিকিৎসাধীন আছে।
নগরকান্দা থানার ওসি আব্দুল করিম বলেন, বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১০ ঘ.
bdnews24