২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাগ অপহরণ: গ্রেপ্তার মামুন রিমান্ডে

কেরানীগঞ্জের স্কুলছাত্র পরাগ মণ্ডলকে অপহরণে জড়িত অভিযোগে গ্রেপ্তার মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের স্কুলছাত্র পরাগ মণ্ডলকে অপহরণে জড়িত অভিযোগে গ্রেপ্তার মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. তাজুল ইসলাম তাকে হেফাজতে নেয়ার এই আদেশ দেন। ওই আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরাগকে অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন আদালতে মামুনের ১০ দিনের হেফাজত চাইলে বিচারক তার সাত দিনের হেফাজত মঞ্জুর করেন। অপহরণের তিনদিন পর মঙ্গলবার রাতে উদ্ধার হয় কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার একটি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র পরাগ মণ্ডল। পরদিন এই অপহরণে জড়িত থাকার অভিযোগে মামুনকে (৪০) গ্রেপ্তার করা হয়। মামুন কেরানীগঞ্জের বাসিন্দা হলেও মুন্সীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। মামলার তদন্ত কর্মকর্তা মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরাগের অপহরণের পেছনে মামুন জড়িত- এমন তথ্য আমাদের কাছে রয়েছে।” এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে আরো ছয় জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এসইউ/১৭০৮ ঘ.