২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধান কাটার গানে গানে এলো অঘ্রান

নৃত্য, গীত, বাদ্য আর পিঠাপুলির আয়োজনে গ্রাম বাংলার কৃষকের হৈমন্তী ফসল ঘরে তোলার উৎসব নবান্ন এলো রাজধানীর নাগরিক জীবনেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 08:23 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৃত্য, গীত, বাদ্য আর পিঠাপুলির আয়োজনে গ্রাম বাংলার কৃষকের হৈমন্তী ফসল ঘরে তোলার উৎসব নবান্ন এলো রাজধানীর নাগরিক জীবনেও। বৃহস্পতিবার সকাল ৭টায় রমনা বটমূলে জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদের আয়োজনে শুরু হয় দিনব্যাপী ‘নবান্ন উৎসব-১৪১৯’। শুরুতেই বাঁশীর সুরে আহ্বান জানানো হয় অগ্রহায়ণকে। এরপর ছিল শিশু শিল্পীদের কণ্ঠে নজরুল সংগীতে স্বদেশ বন্দনা- ‘একী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী/ ফুলে ও ফসলে কাঁদামাটি জলে, ঝলমল করে অবণী’। শিল্পী ফাহিম হোসেন চৌধুরী এরপর গেয়ে শোনান রবীন্দ্র সংগীত- ‘আয়রে মোরা ফসল কাটি, ফসল কাটি, ফসল কাটি, ... মোরা নেব তারি দান/ তাই যে কাটি ধান/ তাই যে গাহি গান/ তাই যে সুখে খাঁটি’। অনুষ্ঠানের একদিকে সুর-সঙ্গীতে চলতে থাকে অগ্রহায়নকে বরণ; অন্যদিকে পুলি, পাটিসাপটা, প্রজাপতি, নারিকেলের নাড়ু, তেলের পিঠা, রস গোলাপ, লবঙ্গ লতিকা, চিতই পিঠাসহ বাংলার ঐতিহ্যবাহী নানা পিঠায় সাজানো গোপীবাগের ঘরকন্যা পিঠাঘরের স্টলে জমে ওঠে ভিড়। পল্টনের ব্যবসায়ী আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাঁটতে এসে এই অনুষ্ঠান পেয়ে যেন ছোট্ট বেলায় ফিরে গেছি। সে সময় মা-বোনেরা রাতভর ঢেঁকি ছেঁটে চাল করতেন। সেই চাল দিয়ে গুঁড়ি (আটা) বানিয়ে সকালে হতো ভাপা-চিতই। ঘুম থেকে উঠে গরম গরম সেই পিঠা রোদ পোহাতে পোহাতে খেতাম।” পিঠা হাতে রমনায় দাঁড়ানো আরিফুরকেও যেন এ সময় ঘিরে ধরে স্মৃতিময় সেই রোদ। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রামের নবান্নইতো প্রধান। সেটাই আসল নবান্ন। সেখানে আমরা ধান ছুঁয়ে দেখতে পারি। ব্যস্ততা দিয়েও নতুন ফসলের পরশ অনুভব করা যায়। খেতে পারি নানা রকম পিঠা। “শহরের এই অনুষ্ঠানতো পুরোটাই প্রতীকী। এখানে আমরা প্রতীকীভাবেই এ উৎসব পালন করছি। আমাদের উৎসকে যেন ভুলে না যাই, বা মূলকে যেন স্মরণ করতে পারি- সে জন্যই এ আয়োজন।” শিল্পী ফেরদৌস আরা বলেন, নবান্নের আগেই কৃষক ধান কেটে আনে। এ সময় ধান গোলায় ভরা হয়। তাই ব্যস্ততার মধ্যেও কৃষকের মুখে হাসি থাকে। তার সারা বছরের সঞ্চয়ের ভিত্তি তৈরি হয় এ সময়েই। কৃষকের সেই উৎসবকেই এখানে স্মরণ করা হচ্ছে মাত্র। অনুষ্ঠানের কথন পর্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, “বাংলাদেশের নিজেদের মাটির সবচেয়ে পুরাতন উৎসব নবান্ন। এ দেশের মানুষ আবহমান কাল ধরে এই উৎসব পালন করে আসছে। পাকিস্তান আমলে যখন বাঙালি নামটাই ছিল অনেকটা নিষিদ্ধ। তখন সব দেশজ উৎসবগুলোকে আমরা মধ্যবিত্ত সমাজে আনতে চেষ্টা করি। “সেই চেষ্টারই ধারাবাহিকতায় জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদের আয়োজনে এখন নিয়মিত এই অনুষ্ঠান হয়।” বকুলতলা থেকে ‘বিতাড়ন’ গত ১৪ বছর ধরে চারুকলার বকুলতলায় এই উৎসব অনুষ্ঠিত হয়ে এলেও এবার সেখানে অনুষ্ঠান করতে অনুমতি দেয়া হয়নি। এমনকি রমনা বটমূলে অনুষ্ঠানের অনুমতি দিতেও অনেক ‘টালবাহান’ চলে বলে অভিযোগ করেন আয়োজকরা। জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বলেন, “কৃষকের কথা ভেবে, দেশের কথা ভেবে ও ঐতিহ্যের কথা ভেবে আমরা পহেলা অগ্রহায়ণকে জাতীয় নবান্ন দিবস ও সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছিলাম সরকারের কাছে। সেটা তো করা হলোই না, উল্টো আমাদেরকে অনুষ্ঠান আয়োজনেই নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে।” পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, “বকুলতলা থেকে আমাদেরকে চলে আসতে হয়েছে। আমি জানি না, বিতাড়িত হলাম কি-না, তবে অনেকটা সেটাই হয়েছে। এরপর এখানে অনুমতি পেয়েছি কাল সন্ধ্যায়। এ জন্য দিতে হয়েছে এই টাকা সেই টাকা। এরপর এই আয়োজন।” “চারুকলায় নানা বাধা-বিপত্তি প্রতি বছরই থাকে। শেষ বেলায় তারা আমাদের অনুমতি দিতেন। তবে এবার আর দিলেন না।” পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মানজারুল ইসলাম চৌধুরী সুইট। কথন পর্বে মঞ্চেই পাটিসাপটা তৈরি করে অতিথিদের আপ্যায়ন করে ঘরকন্যা পিঠাঘরের স্বত্ত্বাধিকারী আফিফা হোসেন। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, বহ্নিশিখা, নটরাজ, নৃত্যন্দ, শিল্পী শাকিলা আনাম, খায়রুল আনাম শাকিল, বেলায়েত হোসেন, ফেরদৌস আরাসহ বিভিন্ন সংগঠন ও শিল্পীরা নাচ গান ও আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে মোয়া-খই-বাতাসা দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। সকালের আয়োজনের শেষে ছিল নবান্ন শোভাযাত্রা। বটমূল থেকে বের হয়ে রমনার পাশের রাস্তা ধরে কিছুটা পথ ঘুরে আবার বটমূলেই তা শেষ হয়। বিকালের অনুষ্ঠান ৩টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে। বাংলাদেশে হেমন্ত এলেই ধান কাটার ধুম পড়ে। নতুন ফসল ঘরে তোলার এ উৎসবই নবান্ন। ক্যালেন্ডারের পাতা ধরে বললে এই উৎসব হয় অগ্রহায়ণ মাসের প্রথম দিন। তবে ধান পাকাসহ অন্যান্য বাস্তবতা মাথায় রেখে বা অঞ্চলভেদে দুই একদিন আগে-পরেও এ উৎসবের রেওয়াজ আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএএইচ/১৪১৫ ঘ.