চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনে (সিসিসি) বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বকেয়া করের পরিমাণ ৪২৮ কোটি ২৯ লাখ টাকা। আর ব্যক্তি খাতে এই কর প্রায় ৯০ কোটি ২৪ লাখ টাকা।
মঙ্গলবার সিসিসি মেয়র এম মনজুর আলমের সঙ্গে রাজস্ব বিভাগের কর আদায় সংক্রান্ত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, স¤প্রতি সিসিসি’র পঞ্চবার্ষিক কর মূল্যায়নের ফলে বর্তমানে নগরীতে ব্যক্তিগত হোল্ডিং সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৫২৮ এবং সরকারি খাতে এ সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৫০।
সভায় বলা হয়, সরকারি প্রতিষ্ঠান বিশেষ করে চট্টগ্রাম বন্দরের বকেয়া কর ৩৯৩ কোটি ৪৮ লাখ ৪১ হাজার ৯৪১ টাকা, বাংলাদেশ রেলওয়ের কাছে পাওনা ৫১ কোটি ৬৮ লাখ ৯১ হাজার, সিডিএ’র ৯ কোটি ৯৩ লাখ ৮৫ হাজার এবং কেইপিজেড-এর কাছে পাওনা কর সাত কোটি ৮৭ লাখ ৯৫ হাজার ৩৫৪ টাকা।
মতবিনিময় সভায় সিটি মেয়র মনজুর আলম বলেন, করপোরেশনের রাজস্ব বিভাগ হচ্ছে অর্থনৈতিক চালিকা শক্তি। তাই তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার ওপর রাজস্ব আদায় নির্ভর করে।
তিনি বলেন, এই রাজস্ব আদায়ের ওপর করপোরেশনের কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতাসহ উন্নয়ন ও সেবামূলক অন্যান্য কাজ অনেকাংশে বাস্তবায়ন হয়ে থাকে।
মেয়র রাজস্ব আদায় সন্তোষজনক নয় উল্লেখ করে লক্ষ্যমাত্রা পূরণের জন্য রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আরও সক্রিয় হতে বলেন।
এছাড়া সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া পরিশোধের ক্ষেত্রে আরও বেশি সাড়া প্রত্যাশা করেন মেয়র মনজুর আলম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী, কর কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, জানে আলম, উপ-কর কর্মকর্তা মঞ্জুর উদ্দিন চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১১২ ঘ.
bdnews24